02/04/2026
চায়ের দোকানে বসে থাকা লোকটা হঠাৎ বলল,
—শুধু অস্ট্রেলিয়া না, একদিন দেখবা, সারা দুনিয়া থেকেই এদের এভাবেই লাথি মেরে বের করে দেবে।
কেউ উত্তর দিল না। চায়ের কাপে চুমুক দিতে দিতে সবাই যেন একটু চুপ হয়ে গেল। এই চুপ থাকার মধ্যেই অনেক কথা থাকে।
গত দুই বছরে পৃথিবী নাকি নতুন করে বাংলাদেশকে চিনতে শুরু করেছে। আগে মানুষ বলত—নদীর দেশ, সবুজের দেশ। এখন কেউ কেউ নিচু গলায় বলে—ঝুঁকির দেশ, অস্থিরতার দেশ।
বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখা ছেলেটা হঠাৎ বুঝতে পারে—ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।
তার বাবা হিসাব মেলাতে পারে না—কেন হঠাৎ করে সব দরজা একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে।
একজন ব্যবসায়ী দীর্ঘশ্বাস ফেলে বলে,
—বিনিয়োগ আসবে না। ভয় পায় সবাই। টাকা ভয়ের জায়গায় যায় না।
রাত বাড়ে, কথা বাড়ে না, বরং কমে যায়।
কেউ কেউ খুব জোরে কথা বলে—ধর্মের কথা, নীতির কথা। কিন্তু অদ্ভুতভাবে তাদের কথা শুনলে মনে হয়—এগুলো যেন জীবনের জন্য না, বরং জীবিকা বানানোর জন্য।
ধর্ম যখন উপার্জনের মাধ্যম হয়ে যায়, তখন সেটা আর আলো থাকে না—ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়।
একজন বয়স্ক মানুষ ধীরে বলে,
—মানুষ ভয় পেতে শুরু করেছে। শুধু অস্ত্রের ভয় না… চিন্তার ভয়।
নারীর অধিকার, শিক্ষার অধিকার, আধুনিক রাষ্ট্র—এসব শব্দ হঠাৎ করে সন্দেহজনক হয়ে যায়।
যেন এগুলো চাইলে মানুষ খারাপ হয়ে যায়।
সবচেয়ে মজার ব্যাপার—নির্বাচন হয়, কিন্তু প্রতিযোগিতা থাকে না। ফলাফল থাকে, কিন্তু উত্তেজনা থাকে না। গণতন্ত্র থাকে, কিন্তু তার প্রাণটা কোথায় যেন হারিয়ে যায়।
চায়ের দোকানের সেই লোকটা আবার বলে উঠল,
—আমরা আসলে কী হচ্ছি?
কেউ উত্তর দিল না।
কারণ উত্তরটা সবাই জানে, কিন্তু কেউ উচ্চারণ করতে চায় না।
Collected